মিরপুর-এয়ারপোর্ট উড়ালসড়ক চালু হচ্ছে কাল
রাজধানীতে মিরপুর-এয়ারপোর্ট উড়ালসড়ক (ফ্লাইওভার) যানবাহন চলাচলের জন্য আগামীকাল বুধবার উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার এই উড়ালসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এই উড়ালসড়ক রাজধানীর পূর্ব ও পশ্চিমের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর মিরপুরবাসী উড়ালসড়ক ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এয়ারপোর্ট সড়কে পৌঁছাতে পারবে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন এই প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের অধীন ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ের তিন মাস আগে সম্পন্ন করেছে। এক হাজার ৭৯৩ মিটার দীর্ঘ এ উড়ালসড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা।যোগাযোগমন্ত্রীর পরিদর্শনকালে মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, প্রকল্পের পরামর্শক প্রকৌশলী আজাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।