মিরপুর ক্রীড়াপল্লির অবস্থা বেহাল

‘দেখতেই পাচ্ছেন কী অবস্থায় এখানে আছি। অনুশীলন করছি। নানা রকম সমস্যা আছে। কোনটা বলব। সব মিলিয়ে বলতে পারি, খুব ভালো নেই। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা ঘাম ঝরাই, অথচ এখানে আমাদের চিত্তবিনোদনেরও কোনো ব্যবস্থা নেই।’
নিজেদের অসুবিধা সম্পর্কে নাম না প্রকাশের শর্তে এভাবেই কথাগুলো বলেন মিরপুর ক্রীড়াপল্লিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ভলিবল দলের একজন খেলোয়াড়। জাতীয় ক্রীড়াপল্লি মূলত জাতীয় পর্যায়ের বিভিন্ন দলের খেলোয়াড়দের থাকার জায়গা। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা এই আবাসিক হোস্টেলটি মিরপুর ২ নম্বরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ এলাকায় অবস্থিত।
ক্রীড়াপল্লিতে বর্তমানে দ্বাদশ সাউথ এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য চারটি দলের থাকার ব্যবস্থা করা হয়েছে। আছে জাতীয় ভলিবল, উসু, সাঁতার ও সাইক্লিং দল। হোস্টেল সুপারের তথ্যমতে, চারটি দল মিলে প্রায় ৮০ জন খেলোয়াড় এখানে অবস্থান করছেন। এর মধ্যে সাইক্লিং ও সাঁতার দলে আছেন বেশ কয়েকজন নারী। এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের থাকার ব্যবস্থাও হয় এখানে।
নাম ও পরিচয় না প্রকাশের শর্তে জাতীয় পর্যায়ের আরেকজন খেলোয়াড় বলেন, ‘মশারি, বিছানার চাদর ও কম্বলগুলো তো ব্যবহারের অনুপযোগী। চিটচিটে ময়লায় ভরা। মশা-মাছির খুব উপদ্রব আছে।’ ক্রীড়াপল্লি ঘুরে দেখা যায়, দ্বিতীয় তলার চিত্তবিনোদনের কক্ষটি একেবারেই ফাঁকা। নেই কোনো ধরনের বিনোদন সরঞ্জাম। দেয়াল ও মেঝেজুড়ে রয়েছে ময়লার আবরণ। কক্ষের সঙ্গেই আছে একটি ধৌতাগার। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় পরিত্যক্ত হয়ে গেছে কক্ষটি। অভিযোগের সুরে ভলিবল দলের কয়েকজন খেলোয়াড় বলেন, ‘আছি প্রায় দুই মাস হয়ে গেল। এখনো অনুশীলনসামগ্রী পাইনি। নিজেদেরটা দিয়েই কাজ চালাচ্ছি। এখানকার নিরাপত্তাব্যবস্থাও খুব একটা ভালো না। ক্রীড়াপল্লির চারপাশজুড়ে চোখে পড়ে ময়লার স্তূপ। নর্দমাগুলোতে জমে আছে পচা-আবর্জনা। দুর্গন্ধে ভারী হয়ে আছে চারপাশ। এসব বিষয়ে জানতে চাইলে মিরপুর ক্রীড়াপল্লির প্রশাসক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মশার ওষুধের বিষয়ে উত্তর সিটি করপোরেশনে চিঠি দিয়ে রেখেছি, সেটাও এক মাস হয়ে গেছে। কাজ হয়নি। আমাদের ভেতরের নদর্মা এক মাস আগেই পরিষ্কার করা হয়েছে।’
লিফট ও চিত্তবিনোদনকক্ষের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ভারী কাজের জন্য অর্থের প্রয়োজন। লিফট বসানোর জন্য আমরা সরকারের কাছে অর্থ বরাদ্দ চেয়েছি। অর্থ বরাদ্দ পেলে কাজটি হয়ে যাবে।’