মিরপুর-বিমানবন্দর সড়কের উড়ালসেতু ২০১২ সালে শেষ হবে
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, মিরপুর-বিমানবন্দর সড়কে উড়ালসেতুর নির্মাণকাজ ২০১২ সালের মধ্যে শেষ হবে। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে রাজধানীর বনানী রেলক্রসিংয়ে ওভারপাসের নির্মাণকাজ।গতকাল শনিবার উড়ালসেতু ও ওভারপাসের বিভিন্ন অংশের নির্মাণকাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যোগাযোগমন্ত্রী বলেন, উড়ালসেতু ও ওভারপাসের মধ্যে সংযোগ তৈরি করতে প্রায় আধাকিলোমিটার একটি সংযোগসেতু নির্মাণ করা হবে। সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ উড়ালসেতু তৈরি করছে। মিরপুরের মাটিকাটা থেকে সেনানিবাসের ওপর দিয়ে এই উড়ালসেতু হচ্ছে। এতে প্রায় ১৯২ কোটি টাকা ব্যয় হবে।