মিরপুর মুক্ত দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও রাজধানীর মিরপুরবাসী বিজয়ের স্বাদ পেয়েছিল দেড় মাস পরে। এই দেড় মাস মিরপুরে বসবাসরত বিহারি, সাদা পোশাকে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনীর কিছু সৈন্য, সঙ্গে তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-সামশ বাহিনীর সদস্যরা বাঙালি নিধন করেছে, চালিয়েছে নির্যাতন। এরপর ১৯৭২ সালের ৩১ জানুয়ারি এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন পুরোপুরি শত্রুমুক্ত হয় মিরপুর। বরাবরের মতো আজ রোববার আড়ম্বরে দিনটি পালন করবেন মুক্তিযোদ্ধারা।দিনটির স্মরণে বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচির আয়োজন করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আজ বিকেল সাড়ে চারটায় মিরপুর ১০ নম্বর সেকশনের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বেলা তিনটায় মিরপুর-১ নম্বর সেকশন গোলচত্বরের সমাবেশের আয়োজন করেছে। সাত্ত্বিক নাট্য সম্প্রদায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ থেকে ছয় দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাটক উত্সবের আয়োজন করেছে।