মিরপুর শাহ আলী প্লাজা কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা
পরিবেশ ছাড়পত্র ছাড়াই রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ৩০ কাঠা জমিতে ১২ তলাবিশিষ্ট বহুতল বাণিজ্যিক ভবন তৈরি করা হয়েছে। এই অভিযোগে শাহ আলী প্লাজা নামের ওই বাণিজ্যিক ভবনটিকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার শাহ আলী প্লাজা কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ২১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়া ভবন নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রস্তাবিত প্রকল্পে ভবনটিকে ১৪ তলা করার পরিকল্পনা রয়েছে বলে ভবন কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, ১৯৯৩ সালে দরপত্রের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে এক কোটি ৪৭ লাখ টাকা মূল্যে ৩০ কাঠা জমি ক্রয় করা হয়। ১৯৯৫ সালে ভবনটিকে আবাসিক থেকে বাণিজ্যিক প্লটে পরিবর্তনের অনুমতি নেওয়া হয়। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘কীভাবে মিরপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বহুতল বাণিজ্যিক ভবনের অনুমতি দেওয়া হয়েছে, তা বোধগম্য নয়। এ ঘটনা নগর ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করছে। বিশাল এ বাণিজ্যিক ভবনের জন্য পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সবুজ আচ্ছাদিত এলাকা, পার্কিং, রেইন ওয়াটার হার্ভেস্টিং ইত্যাদি থাকা আবশ্যক। অথচ ভবনের পরিকল্পনায় এসব কিছুই নেই।’