মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যানজট আরও বেড়েছে
দক্ষিণ দিকে কাজীপাড়া, উত্তর দিকে মিরপুর ১০ (আদি) ও ১১ নম্বর, পূর্বে ১৩ ও ১৪ এবং পশ্চিমে ২ নম্বর সেকশন। মাঝখানে ১০ নম্বর গোলচত্বর। এই চত্বর ঘিরে যানজট পরিস্থিতি আরও নাজুক হয়েছে। চারদিক থেকে একসঙ্গে যানবাহনের ভিড় প্রায় প্রতিদিন, এমনকি শুক্রবার ছুটির দিনেও হচ্ছে।
এই যানজটের জন্য ভুক্তভোগীরা ট্রাফিক পুলিশের ব্যর্থতা, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং এলাকায় যানবাহনের আধিক্যকে দায়ী করেন।
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের কারণে পশ্চিম দিকের রাস্তায় যানবাহনের ভিড়। ওই কার্যালয়ের কাছ থেকে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহে আসা শত শত গাড়ি সারা দিন রাস্তায় দাঁড়িয়ে থাকায় এই যানজট। বিআরটিএর এই কার্যালয়কে তিন ভাগ করে উত্তরা ও জোয়ারসাহারা নেওয়ার পরও ভিড় খুব একটা কমেনি। এ ছাড়া ১৩ নম্বর সেকশন এলাকায় নামীদামি স্কুলগুলোয় আসা শিক্ষার্থীদের গাড়ির চাপেও যানজট হচ্ছে বলে মন্তব্য এলাকাবাসীর। সবার কথা হচ্ছে, বৃষ্টি হলে যানজট আরও অসহনীয় রূপ নেয়।
এলাকায় বেশ কয়েকজন যানবাহন আরোহী ও পথচারীর অভিযোগ, গোলচত্বরে পদচারী-সেতুর নিচে পুলিশ বক্সে বসে থাকা ট্রাফিক পুলিশ কখনো দাঁড়িয়ে গল্প করেন, কখনো বসে জিরিয়ে নেন। হাত নাড়ানাড়ির কাজ করেন তিন থেকে চারজন। সিগন্যাল বাতি কাজ করছে নাকি করছে না, বোঝার উপায় নেই। লাল জ্বললে গাড়ি থামছে, সবুজ জ্বললে চলছে।
গোলচত্বরের পাশে শাহ্ আলী বিপণিবিতানের অন্তত ১০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, অনেক দিন ধরেই গোলচত্বরের চারপাশের রাস্তায় অসহনীয় যানজট। যানজটের কারণে ক্রেতারা ঠিকভাবে আসতেও পারছেন না।
১৪ নম্বরে বউবাজারের পাশে সরকারি ফ্ল্যাটে থাকেন রিতা রহমান। ছেলেকে নিয়ে শাহ্ আলী বিপণিবিতানে কেনাকাটা করতে এসেছেন। তিনি বলেন, রিকশা নিলেও যানজটের কারণে অন্তত আধা কিলোমিটার দূরে নেমে যেতে হয়েছে। রিকশায় বসে থাকলে ঘণ্টা গড়িয়ে যায়।
পদচারী-সেতুর নিচে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশের কাছে জানতে চাইলে এলাকায় চলাচলকারী যানবাহনের সংখ্যা এত বেশি বেড়েছে যে, নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। তারপরও তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন।