মিরপুরে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থেকে অপহৃত এক শিশুকে গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। 
উদ্ধার হওয়া শিশুটির নাম আরাফ হোসেন শান্ত (৪)। তার বাবার নাম আবদুস সত্তার। ১১ নভেম্বর বিকেলে কাফরুল এলাকা থেকে শান্তকে অপহরণ করা হয়। তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা।
আটক হওয়া সন্দেহভাজন চার অপহরণকারী হলেন মেহেদি হাসান, আসমা সুলতানা, গোলাম মোস্তফা ও আয়েশা আক্তার। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুরে র‌্যাব-৪-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানানো হয়। সেখানে র‌্যাব-৪-এর সিও শাহাবুদ্দিন খান বলেন, ১১ নভেম্বর বিকেল পাঁচটায় শান্তকে অপহরণ করা হয়। ঘটনার দিন রাতেই অপহরণকারীরা ফোন করে শান্তর পরিবারের কাছে বিষয়টি জানান। পরদিন দুপুরে অপহরণকারীরা ওই পরিবারের কাছে আবারও ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শান্তর পরিবার বিষয়টি র‌্যাবকে জানায়। র‌্যাব-৪-এর একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের একটি বাসা থেকে শান্তকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।