মিরপুরে অস্ত্রসহ যুবক আটক
রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল শনিবার সকালে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও চোরাই গাড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। অস্ত্রগুলো তিনি কৌশলে গাড়ির গিয়ার বক্সের ওপরের অংশে লুকিয়ে রেখেছিলেন।র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। পায়ের একটি আঙুল কাটা থাকায় অপরাধজগতে তিনি ‘আঙুল কাটা আলমগীর’ নামে পরিচিত।র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর রেজাউল হক জানান, গতকাল সকালে আদাবর থানা এলাকা থেকে সন্দেহের ভিত্তিতে একটি গাড়িকে ধাওয়া করে র্যাবের একটি দল। র্যাবের কাছে তথ্য ছিল, ওই গাড়িতে অস্ত্র রয়েছে। পাশে এক সঙ্গীকে রেখে আলমগীর গাড়িটি চালাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর-২ নম্বর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। তবে তাঁর সঙ্গী পালিয়ে যায়। দামি ওই গাড়িটির (এক্স করোলা) গিয়ার বক্সের ওপরের অংশে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২২টি গুলি ও চারটি পিস্তলের ম্যাগাজিন লুকিয়ে রেখেছিলেন আলমগীর। গাড়িটিও চোরাই বলে র্যাব প্রমাণ পেয়েছে।