মিরপুরে আগুনে পুড়েছে ঝুটের ১১টি গুদাম
মিরপুরে আগুনে পুড়ে গেছে ঝুটের ১১টি গুদাম। গত রোববার রাতে সেখানে আগুন লাগে। গুদামের মালিকদের অভিযোগ, সরকারি জমি দখলে বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দিয়েছেন।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গত রোববার রাত ১২টার দিকে মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে আগুন লাগে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে মানিক মিয়া নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।এদিকে গুদামের মালিক আলাউদ্দীন জানান, সরকারি জায়গায় আধা পাকা ওই ১১টি গুদাম গড়ে তোলা হয়েছিল। জায়গা দখল নিয়ে বিরোধ চলছিল। তাঁর আশঙ্কা, বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী জসিম এক সঙ্গে তিনটি দোকান থেকে আগুন জ্বলতে দেখেছেন। ওহিদের দোকান, তপুর দোকান ও শাহ আলমের দোকান থেকে একসঙ্গে আগুন লাগে। দুর্বৃত্তরা ওই তিনটি দোকানে একসঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে আগুনের প্রকৃত কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।