মিরপুরে আয়ুর্বেদিক কলেজে আবারও বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজকে মেডিকেল কলেজ নামকরণসহ সাত দফা দাবিতে গতকাল রোববার আবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।সূত্র জানায়, এসব দাবিতে সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কলেজে প্রবেশ করেন। তাঁরা কক্ষের আসবাবপত্র, জানালার কাচসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। পরে কলেজের প্রধান ফটকের সামনে আসবাবপত্র ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা মূল সড়কে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। বিকেল তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের ভেতর ভাঙচুর করেন বলে একজন শিক্ষক প্রথম আলোকে জানান।যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ নূরুন্নবী মুঠোফোনে প্রথম আলোকে জানান, নামকরণের ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। অচিরেই এর সমাধান হবে। কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না চালানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা জানান, সাত দফা দাবিতে চার মাস ধরে ক্লাস বর্জন করছিলেন শিক্ষার্থীরা। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত শনিবার থেকে আবার তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেছেন।