প্রধান ফটকের ওপরে লেখা ‘সরকারী ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল’। কিন্তু শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সনদ, কাগজপত্র, সিলমোহরসহ প্রাতিষ্ঠানিক দপ্তরগুলোতে লেখা ‘ডিগ্রি কলেজ।’বিষয়টি ‘প্রতারণা’ উল্লেখ করে কলেজটিকে মেডিকেল কলেজে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে চার মাস ধরে ক্লাস বর্জন করছিলেন রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে অবস্থিত এ কলেজের শিক্ষার্থীরা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গতকাল শনিবার কলেজে বিক্ষোভ মিছিল ও ব্যাপক ভাঙচুর করেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয়েছে।সকাল নয়টা থেকে ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ মিছিল। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে তাঁরা কলেজে ঢুকে বিভিন্ন কক্ষ থেকে শিক্ষকদের বের করে দেন। এ সময় কক্ষে থাকা বিভিন্ন আসবাব বাইরে ছুড়ে ফেলে দেন তাঁরা। ভাঙচুর করেন ফুলের টব ও জানালার কাচ। শিক্ষকেরা আশ্রয় নেন অধ্যক্ষের কক্ষে। পরে কাফরুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিক্ষার্থীরা বলেন, তাঁরা অন্যান্য মেডিকেল কলেজের মতো শর্ত পূরণ করে কলেজটিতে ভর্তি হন। মেডিকেল কলেজের পাঠ্যক্রমের বইসহ হারবাল-সম্পর্কিত অতিরিক্ত বই তাঁদের পড়তে হয়। অথচ তাঁরা ডিগ্রি কলেজের মতো সনদ পান। এতে চাকরির বাজারের প্রতিযোগিতায় তাঁদের পিছিয়ে থাকতে হয়। তা ছাড়া শিক্ষকসংকট রয়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে মেডিকেল কলেজে রূপান্তর, শিক্ষকসংকটের সমাধানসহ সাত দফা দাবি জানান।শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো: স্বাস্থ্য শাখায় বিসিএসের মাধ্যমে চাকরি প্রদান, শিক্ষাক্রম আধুনিকীকরণ, হাসপাতাল আধুনিকীকরণ ও ইন্টার্নি করার পরিবেশ সৃষ্টি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মতো কাউন্সিল গঠন, কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধীন থেকে চিকিৎসা অনুষদে স্থানান্তর।এ ব্যাপারে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়বুর রহমানসহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও ভাঙচুর করাটা সমর্থন করেননি।তৈয়বুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এগুলো শিক্ষকদেরও দাবি। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা পূরণ হয়নি। ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্বিতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার আগে এর একটি সুরাহা হবে।’