মিরপুরে কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর থেকে গতকাল রোববার এক কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি শনাক্তকারী এক নারী দাবি করেছেন, এটি তাঁর মেয়ে মোছাম্মৎ পপির লাশ।মিরপুর থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের ৭ ও ৮ নম্বর রোডসংলগ্ন নালার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার হাত-পা পিছমোড়া করে বাঁধা, কপালে ক্ষত ও নাক-মুখ থেঁতলানো ছিল। পরে অজ্ঞাতনামা হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।মর্গে বিকেলে লাশটি তাঁর মেয়ে পপির বলে শনাক্ত করেন জোবেদা বেগম। তিনি বলেন, চিকিৎসার জন্য কিছু টাকা আনতে পপিকে গত শনিবার দুপুরের দিকে মিরপুর ১০ নম্বরে বড় মেয়ের শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন। রাতে পপি আর বাসায় ফেরেনি।পপির ভগ্নিপতি আলমগীর হোসেন বলেন, শনিবার বেলা একটার দিকে পপি তাঁর বাসায় যায়। তাঁর কাছে টাকা না থাকায় তিনি পপিকে অন্য একদিন আসতে বলেন। পরে পপি খুচরা কয়েক টাকা নিয়ে সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন গাজী প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মেয়েটিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা করে ওই স্থানে ফেলে গেছে।