মিরপুরে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই
মিরপুরে গতকাল রোববার দুপুরে এক ব্যক্তিকে গুলি করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুলিতে আহত আজিজুল হাকিম (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বিকাশের ডিলার প্রতিষ্ঠান ‘শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি।
হাসপাতালে আজিজুল হাকিম বলেন, মিরপুর এলাকার বিকাশের প্রতিনিধিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১ নম্বর সেক্টরে চেতনা মডেল একাডেমির সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাঁর পথরোধ করেন। তাঁরা আজিজুলের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চান। আজিজুল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে মোটরসাইকেল আরোহীদের একজন তাঁর ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যান। ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা ছিল বলে আজিজুল জানিয়েছেন।
মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেবদাস মণ্ডল ঘটনা নিশ্চিত করেছেন।