মিরপুরে গৃহকর্মী ও তার বাবাকে বেধড়ক পিটিয়েছেন গৃহকর্তা
রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনায় গতকাল শনিবার খাদিজা খাতুন (১২) নামে এক গৃহকর্মী ও তার বাবাকে আটকে পিটিয়েছেন গৃহকর্তা। এ ঘটনায় গৃহকর্তা অবসরপ্রাপ্ত নাবিক সৈয়দ ওয়াসিফকে আটক করেছে পুলিশ।এদিকে গৃহকর্মীর ওপর নির্যাতনের খবর জানাজানি হলে গতকাল দুপুরে শতাধিক এলাকাবাসী মিরপুর থানার সামনে গিয়ে আটক গৃহকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সৈয়দ ওয়াসিফের মিরপুর ২ নম্বর সেকশনের এ ব্লকের ৭/১০ নম্বর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত খাদিজা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খাদিজাকে দেখতে যান তার বাবা শামীম শেখ। খাদিজা বাসার বাইরে এসে বাবার সঙ্গে কথা বলতে গেলে গৃহকর্তা ওয়াসিফ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি খাদিজা ও তার বাবাকে ধরে বাসার ভেতরে নিয়ে যান এবং ঘরের দরজা-জানালা বন্ধ করে খাটের স্ট্যান্ড খুলে শামীম শেখকে বেধড়ক পেটান। খাদিজা তার বাবাকে বাঁচাতে গেলে তাকেও মারধর শুরু করেন ওয়াসিফের স্ত্রী। এ সময় বাবা-মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। তাঁরা মিরপুর থানায় ঘটনাটি জানালে পুলিশ এসে খোদেজা ও তার বাবাকে উদ্ধার করে এবং ওয়াসিফকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় এলাকার শ খানেক লোক থানার সামনে জড়ো হয়ে ওয়াসিফের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ নির্যাতনকারী এ গৃহকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।অবশ্য পরে ওয়াসিফদের স্বজনদের অনুরোধে গৃহকর্মীর বাবা শামীম শেখ থানায় দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর সন্ধ্যায় ওয়াসিফকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, ওয়াসিফের আত্মীয়স্বজনের আকুতির পর গৃহকর্মীর বাবা অভিযোগ প্রত্যাহার করে নেন। ওয়াসিফ তাঁর ভুল স্বীকার করে থানায় মুচলেকা দেন এবং নির্যাতিতদের ক্ষতিপূরণ দেওয়ায় তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া গৃহকর্মী খাদিজাকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে ওসি জানিয়েছেন।গতকাল দুপুরে মিরপুর থানায় বসে গৃহকর্মী খাদিজা প্রথম আলোকে জানায়, চার মাস আগে সে এই বাসায় কাজ নেয়। কোনো কাজ শেষ করতে দেরি হলে কিংবা না পারলে গৃহকর্তা তাকে লাঠি দিয়ে পেটাতেন। অনেক সময় তাকে পেটাতে পেটাতে লাঠিও ভেঙে ফেলতেন।গৃহকর্মী খাদিজা জানায়, গতকাল অনুমতি না নিয়ে বাবার সঙ্গে দেখা করার অভিযোগে তার বাবাকে আটকে রেখে বেধড়ক পেটান গৃহকর্তা। বাধা দিলে তাকেও মারধর করা হয়।শামীম শেখ অভিযোগ করেন, তিনি পুরান ঢাকায় রিকশা চালান। তিনি মেয়েকে একনজর দেখতে এসেছিলেন। কিন্তু গৃহকর্তা তাকে ‘চোর’ বলে পেটাতে শুরু করেন। এ সময় শামীম শেখ তাঁর গায়ে নির্যাতনের চিহ্ন দেখান।এ সময় থানার সামনে এলাকার লোকজন জানান, ওয়াসিফ প্রায় তাঁর বাড়ির সামনে ভিক্ষুক পেলে লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিতেন।