মিরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানী মিরপুরের ১১ নম্বর সেকশনে পল্লবী থানা এলাকার একটি টিনশেড বাসা থেকে সালমা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, স্বামী শফিকুল ইসলাম শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শফিকুল ইসলাম পলাতক।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহা প্রথম আলোকে জানান, সালমা গত বৃহস্পতিবার ১১ নম্বর সেকশনের পাঁচ নম্বর এভিনিউর আট নম্বর সড়কে তাঁর বোনের বাসায় বেড়াতে আসেন। গত শনিবার রাতে তিনি স্বামী শফিকুলের সঙ্গে ওই বাসার একটি কক্ষে ছিলেন। গতকাল রোববার ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাসার লোকজন ওই কক্ষে গিয়ে দেখেন, খাটের ওপর সালমার নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সালমার বোন রুমা আক্তারের বরাত দিয়ে এসআই আরও জানান, সালমার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার আতশখালী গ্রামে। তাঁর বাবা নূরু চৌকিদার। প্রায় সাত বছর আগে একই এলাকার শফিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু শফিকুল কোনো কাজ করতেন না। টাকার জন্য সালমাকে মারধর করতেন। তাঁদের পাঁচ বছরের একটি সন্তান থাকার পরও শফিকুল সংসারের প্রতি উদাসীন ছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ কারণে বেশ কয়েক মাস আগে সালমা পল্লবীতে একটি গার্মেন্টসে চাকরি নিয়ে সন্তানসহ ভাড়া বাসায় থাকতে শুরু করেন। পল্লবীতে বোনের বাসায় এলে গত শনিবার বিকেলের দিকে শফিকুল ওই বাসায় যান এবং কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সালমাকে ঘরে ফিরিয়ে নেবেন বলে জানান। তাঁর কথায় আশ্বস্ত হয়ে সালমার বোন রুমা আক্তার রাতে সালমার কক্ষে শফিকুলের থাকার ব্যবস্থা করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গামছা বা কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে সালমাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।