মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন আরা বেগম (৭০)। তিনি ভবনমালিক ফুল মিয়ার প্রথম স্ত্রী। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন মোট চারজন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রওশন আরা বেগমের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শফিকুল ইসলাম (৩৫) ও সুমনের (৪০)। এই দুজনের মৃত্যুর তথ্য জানিয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, শফিকুলের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ রিনা বেগম (৫০) গতকাল রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর শরীরেরও ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ভবনমালিক ফুল মিয়ার প্রথম স্ত্রী রওশন আরা বেগম, দ্বিতীয় স্ত্রী রিনা বেগম, রিনা বেগমের ছেলে শফিকুল ইসলাম ও গ্যাসমিস্ত্রি সুমন।
এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন ভবনের নিচতলার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫), পাশের বাসার বাসিন্দা নাজনীন (২৫) ও তাঁর মেয়ে নওশীন (৫)। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।