মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় আরেকজনের মৃত্যু
রাজধানীর মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ নারী মারা যান।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম রেনু বেগম (৩৫)। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, রেনু বেগমের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
রেনু বেগমের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আক্কাস আলী। স্বামী প্রয়াত কামাল হোসেন। এক ছেলের জননী রেনু। মিরপুরের যে ভবনে বিস্ফোরণ ঘটে, তার নিচতলায় ভাড়া থাকতেন তিনি।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট পাঁচজন মারা গেলেন। বর্তমানে এক শিশুসহ দুজন চিকিৎসাধীন। তাঁরা হলেন ভবনের পাশের বাসার বাসিন্দা নাজনীন (২৫) ও তাঁর মেয়ে নওশীন (৫)। তাঁরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা জানিয়েছেন, নাজনীন ও শিশু নওশীনের শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে।
রেনু বেগম ছাড়া অন্য যে চারজন আগে মারা গেছেন, তাঁরা হলেন রিনা বেগম (৫০), রওশন আরা বেগম (৭০), শফিকুল ইসলাম (৩৫) ও মো. সুমন (৪০)।
গত বুধবার রাত ১১টায় মিরপুর ১১ নম্বরের সি ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়ির গ্যাসলাইন মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নারী, শিশুসহ মোট সাতজন দগ্ধ হন।
ভবনমালিকের ছেলে রফিকুল ইসলামের ভাষ্য, কয়েক দিন ধরেই বাসার গ্যাসের লাইনে সমস্যা হচ্ছিল। বেশ কয়েকবার মিস্ত্রি ডেকে মেরামত করা হলেও গ্যাসলাইন পুরোপুরি ঠিক হয়নি। এ কারণে বুধবার রাতে মিস্ত্রি সুমন গ্যাস-সংযোগ মেরামত করতে আসেন। মেরামত শেষে লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এ সময় চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।