মিরপুরে ছাত্র ও পল্লবীতে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাট থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে অমিত সাহা (২২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের (বিবিএ) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, অমিত সাহাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর তিন বন্ধুকে গ্রেপ্তার কর হয়। তাঁরা হত্যার কথা স্বীকারও করেছেন। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন, সিহাবউদ্দিন, আল আমিন ও রুহুল আমিন। পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পল্লবী থানার পুলিশ মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১৫ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাট থেকে গলায় টাই প্যাঁচানো অবস্থায় অমিত নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে। অমিত তাঁর মা-বাবার সঙ্গে এই বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। অমিতের গলায় কালো আঘাতের চিহ্ন ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে চামড়া থেঁতলানো ছিল। তাঁর নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। পারিবারিক সূত্র জানায়, ৪ নভেম্বর অমিত তাঁর মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ভারতে বেড়াতে যান। পরীক্ষার জন্য ছয় দিন পর ১০ নভেম্বর অমিত দেশে ফিরে এলেও তাঁর বাবা শ্যামল সাহা, মা রিতা সাহা ও ছোট ভাই ভারতে থেকে যান। এ কারণে অমিতের সঙ্গে তাঁর মামা কৃষাণ সাহা বাসায় ছিলেন। অমিতের মামা কৃষাণ সাহা গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের জানান, গত বুধবার সকালে অমিতকে বাসায় রেখে কাজে বাইরে যান। রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন বাসার দরজা খোলা। গলায় ছেঁড়া টাই প্যাঁচানো অবস্থায় অমিতের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পুরো বাসার মালপত্র লন্ডভন্ড। পল্লবী থানায় ঘটনাটি জানানোর পর পুলিশ অমিতের লাশ উদ্ধার করে। কৃষাণ সাহা জানান, বিভিন্ন সময় অমিতের সঙ্গে তাঁর বন্ধুরা বাসায় আড্ডা দিতেন। অমিতের বাবা শ্যামল সাহা রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুরে। বুধবার রাতেই ভারতে অবস্থানরত অমিতের মা-বাবাকে খবর পাঠানো হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে অমিতদের বাসার পাশ থেকে সিহাব, আল আমিন ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, বাসা থেকে টাকা ও অলংকার লুট করতে তাঁরা অমিতকে খুন করেন। পুলিশ জানায়, ভারত থেকে অমিতের মা-বাবা দেশে ফিরে এসেছেন। পরে তাঁরা লাশটি সৎকারের জন্য নোয়াখালীতে নিয়ে গেছেন।হাত-পা বাঁধা লাশ উদ্ধার: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবী ৭ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের এল ব্লকের একটি খালি প্লট থেকে হাত-পা বাঁধা অবস্থায় রমজান আলীর লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। পরে স্বজনেরা রূপনগর থানায় রমজান আলীকে শনাক্ত করেন। তিনি ফোন-ফ্যাক্স ব্যবসায়ী ছিলেন। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে স্থানীয় লোকজন রূপনগর থানায় ফোন করে এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা জানায়। পরে রমজানের লাশটি উদ্ধার করা হয়। রূপনগর থানার ওসি শিকদার শামীম হোসেন প্রথম আলোকে বলেন, রমজান মিরপুর ৭ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন। গত বুধবার সন্ধ্যায় বাইরে যাওয়ার কথা বলে বের হন। এরপর আর ফিরে আসেননি। ওসির ধারণা, অন্যত্র খুন করে রমজানের লাশ এখানে ফেলে গেছে ঘাতকেরা।