মিরপুরে ছয় বস্তির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকার ছয়টি বস্তির সাত শতাধিক ঘরের এবং ১০ লক্ষাধিক টাকার বিল বকেয়া থাকার অভিযোগে পুরান ঢাকার পাঁচটি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাফরুল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০/ডি এলাকার তিনটি বস্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক বস্তিঘরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ১১/বি এলাকার কলাবাগান বস্তিতে তিন শতাধিক এবং একই এলাকার একটি বস্তির ৬০টি ঘরে অভিযান চালানো হয়। এ ছাড়া পোড়াবাড়ি এলাকার ৬০টি ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন আদালতের সদস্যরা। এদিকে গতকাল দুপুরে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকায় ১০ লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পাঁচটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। আদালত প্রথমে ৭৭ সিদ্দিকবাজারে বশির উদ্দিনের বাড়িতে অভিযান চালান। ওই বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া ছিল এক লাখ ২২ হাজার টাকা। আদালত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাড়ির লোকজন বাধা দেয়। বাধা উপেক্ষা করেই ম্যাজিস্ট্রেট সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির লোকদের নির্দেশ দেন। পরে আদালত আবুল হাসনাত রোডের মঞ্জুর মিয়ার এক লাখ ৮৪ হাজার, আবদুল করিমের তিন লাখ ৯৮ হাজার, আজগর আলীর দুই লাখ ২৫ হাজার, রিয়াজউদ্দিনের ৭২ হাজার টাকা বকেয়া থাকার অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।