মিরপুরে ঝোপ থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ থাকার দুদিন পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন ঝোপ থেকে রাজীব শিকদার (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহ আলী থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার রাজীব হঠাৎ নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ নির্মাণাধীন একটি ভবনের পূর্বপাশের ঝোপ থেকে রাজীবের লাশ উদ্ধার করে। তিনি নির্মাণাধীন ওই ভবনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য রাজীবের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন আছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নির্মাণাধীন ভবনের বেশ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।