মিরপুরে টানা তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে রাজধানীর মিরপুর এলাকার কয়েকটি পোশাক-কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছেন। বিকেলে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর বিষয়টির সুরাহা হয়।এর আগে গত মঙ্গল ও বুধবার একই দাবিতে বিক্ষোভ করেন মিরপুর এলাকার ওপেক্সসহ কয়েকটি পোশাক-কারখানার শ্রমিকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে প্রথমে আইডিয়াল গার্মেন্টসের শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তায় নামেন। তাঁরা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে অনুরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি পোশাক-কারখানায় ইটপাটকেলও নিক্ষেপ করেন। সকাল ১০টা নাগাদ আশপাশের আরও আট-নয়টি কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন। মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ নম্বর পর্যন্ত সড়কে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। মিরপুর-১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজের আশপাশের অলিগলিতে পুলিশের সঙ্গে শ্রমিকদের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। শ্রমিকেরা জানিয়েছেন, এতে অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আগের দিনের মতোই বিকেলে স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে সাত-আটটি পোশাক কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়। স্থানীয় হাজী আলী স্কুলমাঠে ঘণ্টাব্যাপী আলোচনা চলে।সাত শ্রমিক গ্রেপ্তার: এদিকে গত বুধবারের শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের আহত হওয়া ও কাভার্ড ভ্যানে আগুন লাগানোর ঘটনায় কাফরুল থানায় দুটি মামলা হয়েছে। এ দুই মামলায় গতকাল সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি।