মিরপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফলের আড়তে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে গত শনিবার গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ফলের আড়তে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ব্যবসায়ী আফরোজ উদ্দিনের আড়তের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশবাক্স থেকে পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে। এ ছাড়া কাফরুলে আরও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকার মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সসংলগ্ন ফাইভ স্টার নামের ওই ফলের আড়তের সামনে আসে। আড়তে কর্তব্যরত নিরাপত্তাকর্মী মানিক এগিয়ে গেলে গাড়ির চালকের পাশের আসনে বসা পিস্তল হাতে এক যুবক নিজেকে প্রশাসনের লোক এবং গাড়ির পেছনের আসনে শটগান হাতে আরেকজন ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা মানিককে সরে যেতে বলে। একপর্যায়ে ছয়জন ডাকাত নেমে অস্ত্র তাক করে ফলের আড়তের সবাইকে মেঝেতে শুয়ে কাঁথা মুড়ি দিতে বাধ্য করে। একপর্যায়ে তারা ক্যাশবাক্স ভেঙে টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে। এরপর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তাকর্মী মানিকসহ আড়তের কর্মীরা দাবি করেন, অস্ত্র হাতে যারা এসেছিল, তাদের পরনে ট্রাফিক পুলিশের গায়ে থাকা বেল্ট ও মাথায় ক্যাপ ছিল। তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে গাড়ির পেছনে ছুটতে থাকলেও পাশের মার্কেটের কোনো নিরাপত্তাকর্মী এগিয়ে আসেনি। তাঁরা অভিযোগ করেন, এলাকায় প্রতি রাতে ছিনতাই হলেও শাহ আলী থানার পুলিশের কোনো টহল দেখা যায় না। মানিক জানান, ডাকাতি চলাকালে তিনি কাঁথার নিচে ঢুকে বিষয়টি আড়তের মালিককে মুঠোফোনে জানান।আড়তের মালিক আফরোজ উদ্দিন জানান, কর্মচারী মানিকের ফোন পেয়ে তিনি দ্রুত আড়তে যান। ডাকাতেরা নগদ দুই লাখ ৮২ হাজার টাকা নিয়ে গেছে। ডাকাতির সঙ্গে তাঁর ভাই আফতাবের খুনিরা জড়িত থাকতে পারে। মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ সত্যতা স্বীকার করেছেন।আরেকটি ডাকাতি: গতকাল দিনদুপুরে কাফরুল থানার বিপরীত পাশের একটি ভবনের পঞ্চম তলায় ডাকাতি করে ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে যাওয়ার সময় আবদুল হামিদ নামের এক ডাকাত গণপিটুনির শিকার হয়েছে। পরে তাকে কাফরুল থানার পুলিশে সোপর্দ করা হয়। ওই বাসার বাসিন্দা পেয়ারা বেগম জানান, গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাজার করে বাসায় ফিরে দেখেন দরজা খোলা। বাসায় ঢুকতেই চার-পাঁচজন ডাকাত তাঁকে মারধর শুরু করে। তিনি চিৎকার দিলে রাস্তায় তাঁর ছেলেসহ অন্যরা ডাকাত হামিদকে ধরে ফেলেন। এ সময় অন্য ডাকাতেরা টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, এটি চুরি, ডাকাতি নয়। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় মামলা হবে।