মিরপুরে পোশাকশ্রমিকদের জন্য হাসপাতাল হচ্ছে
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য মিরপুরে ১৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করছে বিজিএমইএ। গতকাল শনিবার এই হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। বিজেএমইএর সদস্যদের অর্থায়নে এই হাসপাতাল নির্মিত হবে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এটিই হবে দেশের প্রথম হাসপাতাল।এই হাসপাতালে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, নবজাতকদের চিকিৎসা বিভাগ, নাক-কান-গলা বিভাগ, প্যাথোলজি ও অস্ত্রোপচার বিভাগ থাকবে। হাসপাতালের নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। কর্তৃপক্ষের আশা, দেড় বছরের মধ্যে হাসপাতালের নির্মাণকাজ শেষ হবে। হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া সাংসদ ইসরাফিল আলম, বিজিএমইএর পরিচালক, নেতারা এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে তৈরি পোশাকশ্রমিকদের ২৫ জন মেধাবী সন্তানকে বৃত্তি ও শিক্ষার উপকরণ এবং ছয়জন দক্ষ শ্রমিককে সনদ দেওয়া হয়।