বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাকশিল্পের শ্রমিকেরা। মধ্যাহ্ন বিরতির পর ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে আগারগাঁও-পল্লবী-কাফরুল সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা বোনাস প্রদান, ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা নির্ধারণ করাসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ শুরু করেন মিরপুর ১৩ নম্বরে অবস্থিত ওপেক্স গার্মেন্টস শ্রমিকেরা। এরপর তাঁরা মিরপুর, কাফরুল ও পল্লবী এলাকার বিভিন্ন পোশাকশিল্পের শ্রমিকদের একত্র করার চেষ্টা করেন। তাঁরা আশপাশের বিভিন্ন পোশাকশ্রমিকদেরও বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। এতে সাড়া না দেওয়ায় বিক্ষোভকারীরা কয়েকটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা ১০ নম্বর গোলচত্বরে যানবাহন ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁদের থামাতে লাঠিপেটা করে পুলিশ। জবাবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলে। বিক্ষোভ ঠেকাতে ওই এলাকার কারখানাগুলোর শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই ছুটি দেয় কর্তৃপক্ষ।ওপেক্স কর্তৃপক্ষ আন্দোলনকারী শ্রমিকদের দায়দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। ওপেক্সের মহাব্যবস্থাপক সাংবাদিকদের জানান, যারা আন্দোলন করেছে তারা অপরিচিত। এদের কেউ ওপেক্সের শ্রমিক নয় বলে তিনি দাবি করেন।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মিরপুর এলাকায় সবচেয়ে বড় গার্মেন্টস ওপেক্স, যেখানে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। দুপুরে বিরতিতে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা ওপেক্স কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে রাস্তা অবরোধ ও ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।বিক্ষোভ চলাকালে আগারগাঁও থেকে পল্লবী ও কাফরুল সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার গাড়ি চলতে শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং: পোশাকশিল্প খাতে বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন।বৈঠক শেষে মন্ত্রী বলেন, গত দুই দিনের ঘটনায় মনে হচ্ছে, শ্রমিকদের বাইরে থেকে কেউ মদদ দিচ্ছে। সরকার মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছে। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কারও উসকানিতে রাজপথে নেমে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। দাবি আদায়ের নামে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ছাড়াও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গতকাল রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প খাতে উদ্ভূত শ্রম-অসন্তোষ পরিস্থিতি নিয়ে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিজিএমইএর সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে পোশাকশিল্প খাতের বর্তমান শ্রম পরিস্থিতি অবহিত করেন। তিনি বলেন, সম্প্রতি পোশাকশিল্প খাতে যেভাবে শ্রম পরিস্থিতির অবনতি ঘটছে, তাতে করে এই শিল্পের উদ্যোক্তারা গভীরভাবে উদ্বিগ্ন। সুপরিকল্পিতভাবে শ্রমিকদের উসকে দিয়ে এই শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে।সভাপতি বলেন, সরকারের নির্দেশে পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণে কাজ করছে। পোশাকশিল্পের উদ্যোক্তারাও ন্যূনতম মজুরি বাড়ানোর ব্যাপারে আন্তরিক।