মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ দমাতে পুলিশের ব্যাপক অভিযান
বন্ধ কারখানা খুলে দেওয়াসহ ১৪ দফা দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বেগম রোকেয়া সরণিতে সড়ক অবরোধ করেন। পুলিশ সড়ক থেকে তাঁদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে এসে বেগম রোকেয়া সরণির পাশে পূর্ব শেওড়াপাড়ায় আউট রাইট, আউট ওয়্যার ফ্যাশন, আউট রাইট ফ্যাশন ইউনিট-২ ও আউট ফিট কারখানায় তালা লাগানো দেখতে পান। এই চারটি পোশাক কারখানা একই মালিকের। বন্ধ এই কারখানাগুলো খুলে দেওয়াসহ ১৪ দফা দাবিতে শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। কারখানাগুলোর কয়েক শ পোশাকশ্রমিক রাস্তায় অবস্থান নেন। শেওড়াপাড়ার অন্যান্য পোশাক কারখানায় কাজে যোগ দিতে যাওয়া শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। ক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় কয়েকটি গার্মেন্টস লক্ষ্য করে ঢিল ছোড়েন। এ সময় শত শত শ্রমিক প্রধান সড়কে নেমে পড়লে কাজীপাড়া থেকে মিরপুর-১০ নম্বর এবং শেওড়াপাড়া থেকে আগারগাঁওয়ে দুই দিকের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় অফিসগামী লোকজন চরম ভোগান্তিতে পড়েন। পুলিশ জানায়, শ্রমিকেরা মাইক লাগিয়ে সমাবেশ শুরু করলে পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় তাঁরা ফুটপাতে অবস্থান নেন। কিছুক্ষণ পর ক্ষুব্ধ শ্রমিকেরা আবার রাস্তায় নেমে আসেন। সকাল সোয়া ১০টার দিকে পুলিশ মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দিলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে একটি মিনিবাস, একটি প্রাইভেট কার ও পুলিশের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ মিরপুর ১০ নম্বর ও আগারগাঁও ক্রসিংয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের ওপর হামলার গুজবে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত একে একে প্রায় সব গার্মেন্টসের শ্রমিকেরা কাজ ফেলে রাস্তায় নেমে আসেন। তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইলিয়াছ শরীফ ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদসহ উভয় পক্ষের অর্ধশত ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জন শ্রমিককে গ্রেপ্তার করেছে। পুলিশ আহত করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে। শ্রমিকেরা একপর্যায়ে রাস্তায় টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দেন। অবস্থা বেগতিক দেখে মিরপুর বিভাগের আশপাশ থেকে পুলিশ আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল, জলকামান দিয়ে গরম পানি ছিটালে শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়েন। বেলা ১১টার দিকে পুলিশের কাঁদানে গ্যাস ফুরিয়ে গেলে শ্রমিকেরা আবার রাস্তায় আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিপুলসংখ্যক পুলিশ একত্র হয়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা শুরু করে। তারা অলিগলিতে ঢুকে বেধড়ক পেটানো শুরু করে। এ সময় পুলিশের হাতে বেশ কয়েকজন সাংবাদিক ও পথচারী আহত হন। পরে শেওড়াপাড়া প্রধান সড়কের পাশের মসজিদ থেকে মাইকে শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বারবার আহ্বান করা হয়। পোশাক কারখানার শ্রমিকদের বিকেলে শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী হাইস্কুলে স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। দুপুর পৌনে একটার দিকে ধীরে ধীরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। পরে রাস্তা খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আউট রাইট ফ্যাশন লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কর্তব্যরত নিরাপত্তা কর্মী সোহেল রানা জানান, কারখানায় পদস্থ কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় কথা বলার মতো এখানে কেউ নেই। শ্রমিক আসমা আক্তার জানান, বিনা নোটিশে মালিক কারখানা বন্ধের ঘোষণা দেন। তাঁরা ঘটনাস্থল থেকে নিরীহ শ্রমিকদের আটক করে নিয়ে গেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধানের দাবিতে শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়েছেন। শ্রমিক মনোয়ারা বেগম জানান, সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত শ্রমিকদের কাজ করানো হচ্ছে। কিন্তু টিফিন দেওয়া হচ্ছে একটি কলা ও একটি বিস্কুট। শ্রমিকেরা দ্রুত তাঁদের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান। এসব দাবির মধ্যে রয়েছে—ন্যূনতম বেতন চার হাজার ২০০ টাকা করা, বেতন ও অতিরিক্ত কাজের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করা, টিফিন বিল ২০ টাকা করা, সাপ্তাহিক ছুটি দেওয়া ইত্যাদি।