মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছাঁটাই করা শ্রমিকদের কাজে বহাল ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুরের শেওড়াপাড়ায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জন শ্রমিক আহত হন। সংঘর্ষের সময় শ্রমিকেরা বেশ কিছু গাড়িও ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে বেগম রোকেয়া সরণির শেওড়াপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এসকিউ সোয়েটার কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। ফটকের পাশে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সোয়া আটটার দিকে তাঁরা বেগম রোকেয়া সরণির দুই দিকের রাস্তায় নেমে পড়েন। শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ১০টির মতো যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে মিরপুর বিভাগের বিপুলসংখ্যক পুলিশ এসে তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। দেড় ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেধড়ক লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর যান চলাচল শুরু হয়।পুলিশ জানায়, সংঘর্ষে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদসহ ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।তবে এসকিউ সোয়েটারের শ্রমিকেরা অভিযোগ করেন, গত ২৮ মে ও ৭ জুন কারখানা কর্তৃপক্ষ দুই দফায় কোনো কারণ ছাড়াই প্রায় ১৭০ জন শ্রমিককে ছাঁটাই করে। তাঁদের মধ্যে ৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়।জানতে চাইলে কাফরুল ও পল্লবী অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সিরাজ আমীন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েই পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।