ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুরে একটি ফলের আড়তে অভিযান চালিয়েছেন। তবে সেখানের সাতটি দোকানের আম পরীক্ষা করে কোনো ক্যালসিয়াম কার্বাইডের অস্তিত্ব পাননি আদালত। গতকাল রোববার দুপুর দুইটার দিকে মাজার রোডে হযরত শাহ আলী বেটনী প্রকল্প ফলের আড়তে ওই অভিযান চালানো হয়। সেখানকার কাজী তপন এন্টারপ্রাইজ, ফাইভ স্টার ফলের আড়ত, দেওয়ান বাণিজ্য ভান্ডার, জননী বাণিজ্য ভান্ডার, আকাশ বাণিজ্য ভান্ডার, মিরপুর শাহ আলী ফার্ম ও দেওয়ান ট্রেডার্সে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আম পরীক্ষা করেন। কিন্তু একটিতেও ক্যালসিয়াম কার্বাইডের অস্তিত্ব পাওয়া যায়নি। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে জানান, বিভিন্ন আমের বাগানে পুলিশ মোতায়েনের কারণে ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার কমে গেছে। তবে ইথোফেন দিয়ে আম পাকানো হচ্ছে কি না, সে ব্যাপারে শিগগির অভিযান চালানো হবে। ফিলিং স্টেশনকে জরিমানা: ভ্রাম্যমাণ আদালত রাজধানীর দারুসসালামে আল-মাহমুদ ফিলিং স্টেশনে অভিযান চালান। সেখানকার পাঁচটি ইউনিট পরীক্ষা করে অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০০ মিলিলিটার ওজনে কম পান। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেয় বিএসটিআইয়ের তিনজন ও পরিবেশ অধিদপ্তরের দুজন কর্মকর্তা এবং র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।এদিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে একটি দল রাজধানীর মোহাম্মদপুরে ছয়টি সুপেয় পানি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং জীবাণু ধ্বংস না করে পানি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। আদালত মোহাম্মদপুরের বছিলার মুসা কনজ্যুমার প্রোডাক্টসকে ২০ হাজার, নিউ ইফাজ অ্যান্ড ব্রাদার্সকে ৩৫ হাজার, রেড ক্লউডকে ৩০ হাজার, বিএস ট্রেডার্সকে ৫০ হাজার, ড্রিংকস অ্যান্ড ড্রাই ফুডসকে এক লাখ এবং সোয়ান করপোরেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।