মিরপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
রাজধানীর মিরপুরের মণিপুরে গত বুধবার গভীর রাতে বিএনপির এক নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাসা থেকে সোয়া চার লাখ টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জন ডাকাত পূর্ব মণিপুরের বাসিন্দা বিএনপির নেতা আবুল হোসেনের একতলা বাড়ির ছাদের দরজা ভেঙে সিঁড়ি বেয়ে বাড়ির নিচতলায় নামে। ডাকাতেরা ওই বাসার একটি শোবার ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাঁর দুই ভাইকে জাগিয়ে তোলে এবং দড়ি দিয়ে তাঁদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা অন্য তিনটি ঘরে গিয়ে আবুল হোসেন এবং তাঁর স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা বাসার স্টিলের আলমারি ভেঙে চার লাখ টাকা, একটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, ছয়টি মোবাইল সেট নিয়ে যায়। একপর্যায়ে কয়েকজন ডাকাত আবুল হোসেন ও তাঁর স্ত্রীকে কাঁথা দিয়ে চেপে ধরে কাঠের আলমারি ভেঙে ২৫ হাজার টাকা, ৩৫ ভরি সোনার গয়না ও ২০ ভরি রুপার অলঙ্কার নিয়ে যায়। খবর পেয়ে মিরপুর বিভাগের পুলিশ কর্মকর্তারা ওই বাসায় যান।আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ডাকাতেরা ভয় দেখায় যে চিৎকার দেওয়ার চেষ্টা করলে সঙ্গে আনা বোমা মেরে তাঁর দুই ছেলেকে মেরে ফেলা হবে। এ কারণে তাঁরা টুঁ শব্দটি করার সাহস পাননি। দেড় ঘণ্টা ডাকাতি শেষে তারা চলে যায়। তিনি জানান, সম্প্রতি তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করার টাকার একাংশ বাসায় রেখেছিলেন।পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার সাইদুর রহমান বলেন, এ ঘটনায় ডাকাতির মামলা হয়েছে। লুট হওয়া টাকা ও অলংকার উদ্ধারে অভিযান চলছে।