মিরপুরে মিনিবাসের ধাক্কায় আ.লীগ নেতা নিহত
হরতাল চলাকালে রাজধানীর মিরপুরে বেপরোয়া মিনিবাসের ধাক্কায় মোস্তফা কামাল কাজী (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি পল্লবী থানার ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১৫ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মোল্লা প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি ও মোস্তফা কামালসহ ১৫-২০ জন দলীয় নেতা-কর্মী মিরপুর সাড়ে-১১ এলাকার সেতারা ড্রিমস টাওয়ারের সামনে বসে কথাবার্তা বলছিলেন। এক ফাঁকে মোস্তফা পান খাওয়ার জন্য সড়কের ওপারে যান। পান নিয়ে ফিরে আসার সময় যাত্রাবাড়ী থেকে আসা চয়েজ পরিবহনের একটি দ্রুতগামী মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন খলিফা জানান, ঘটনার পর স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। চালকের নাম মো. নিজাম। নিহতের পারিবারিক সূত্র জানায়, মোস্তফা কামাল স্ত্রী-সন্তান নিয়ে ওই টাওয়ারের পাশের একটি টিনশেডের বাসায় থাকতেন। তাঁর দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামে। বাবা মৃত সেকান্দার আলী কাজী। নিহতের ছেলে মোহাম্মদ শাহীন জানান, তাঁর বাবা স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনসার আলী জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।