মিরপুরে সীমানাদেয়াল ধসে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পশ্চিম কাজীপাড়ায় পুরোনো একটি ভবনের সীমানাদেয়াল ধসে গতকাল মঙ্গলবার গভীর রাতে নাজমা আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার চাচা মোবারক হোসেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় তাঁদের বাসার পাশে একটি পুরোনো চারতলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল শিশু নাজমা। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে তার মাথার ওপর পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

শিশু নাজমার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামে। তার বাবার নাম জিন্নাত আলী। তিনি পেশায় রিকশাচালক। এক ভাই ও তিন বোনের মধ্যে নাজমা দ্বিতীয়।