মিরপুরে সোনার দোকানে চুরি
রাজধানীর মিরপুরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের একটি সোনার দোকানে চুরি হয়েছে। দোকান-মালিকের দাবি, মোট ৯৬৫ ভরি সোনা চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।মিরপুর ১ নম্বরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচতলার দেওয়ান জুয়েলার্সে শনিবার রাতে এ ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক তাজুল ইসলাম জানান, প্রতি দিনের মতো শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। রোববার সকালে এসে দেখেন ভেতরের দেয়াল ভাঙা আর স্বর্ণালংকার কিছুই নেই।সোনার দোকানের মজবুত শাটার ভাঙতে না পেরে চোরেরা পাশের একটি দোকান জ্যোতি কসমেটিক্সের শাটার ভেঙে ভেতরে ঢোকে। এর পর দুই দোকানের মধ্যখানের দেয়াল ভেঙে দেওয়ান জুয়েলার্সে ঢোকে। দেড় বছর আগে শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তাজুল ইসলামের মালিকানাধীন দেওয়ান জুয়েলার্সের শাখায় ‘রহস্যজনক’ ডাকাতি হয়। ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার, এমনকি ডাকাতির কোনো সূত্রও পায়নি পুলিশ।জ্যোতি কসমেটিক্সের মালিক মীর কায়সার মুক্তাদির জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মার্কেটে এসে তিনি তাঁর দোকানের দুটি তালাই ভাঙা অবস্থায় পান। তাঁর দোকান ও দেওয়ান জুয়েলার্সের মধ্যখানের দেয়ালও ছিল ভাঙা। তিনি জানান, শনিবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তাঁর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে মধ্যখানের দেওয়াল ভেঙে এ ঘটনা ঘটিয়েছে।