মিরপুরে ১০টি দোকানকে এক লাখ টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ১০টি দোকান ও হোটেলকে এক লাখ দুই হাজার টাকা অর্থদণ্ড করেছে। অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে মিরপুর-৬-এর মসজিদ এলাকা এবং মিরপুর-১১ এলাকায় এই অভিযান চালানো হয়। মিরপুর-৬-এ বাদল কনফেকশনারি, কাশেম স্টোর, স্বাধীন এন্টারপ্রাইজ, দি ঢাকা বাজার, ক্যারি ফ্যামিলি এবং মিরপুর-১১-এর তালুকদার ব্রেড অ্যান্ড কনফেকশনারিতে ড্যানিশ ও স্টারশিপ কনডেন্সড মিল্ক, বেবি কেয়ার, নসিলা, ট্যাং, হারম্যান মেওনেজ, সিলন চা, ইফাদ লবণ, স্প্যানিশ অলিভ অয়েল ইত্যাদি মোড়কজাত পণ্যের গায়ে সর্বোচ্চ বিক্রয়মূল্য লেখা না থাকা সত্ত্বেও তা বিক্রির জন্য দোকানে রাখায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। মিরপুর-৬-এর ক্যাফে নুর ও ১১-এর আল নুর রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের জন্য ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। জননী ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা। এ সময় বিসিএসআইআর, এফবিসিসিআই ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং র্যাব ও ডিএমপির দুটি দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাহায্য করে।