মিরপুরে ৫ লাখ টাকা ছিনতাই পথচারী গুলিবিদ্ধ
মিরপুর ১ নম্বরে গতকাল বৃহস্পতিবার বিকাশের কর্মীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। প্রতিরোধের মুখে ছিনতাইকারীরা গুলি চালালে আল আমিন নামের এক পথচারী আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ আলী থানার পুলিশ জানায়, সালাউদ্দিন জুয়েল বিকাশের এজেন্টদের কাছ থেকে টাকা তুলে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১-এর সি ব্লকের ৬ নম্বর সড়ক ধরে গুদারাঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী তাঁর পথ রোধ করে হাতব্যাগে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। জুয়েল চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তারা পড়ে যায়। এ পর্যায়ে তারা তড়িঘড়ি করে মোটরসাইকেল উঠিয়ে এতে চড়ে জনতার দিকে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে বি ব্লকের ২২ নম্বর সড়কের চা দোকানে বসে থাকা আল আমিন গুলিবিদ্ধ হন।