মিরপুরের তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ঢুকে ভয়ভীতি দেখানো এবং মারধরের অভিযোগে রাজধানীর মিরপুর থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মিরপুর থানা এলাকার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা, দুই উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ ও মো. বকরকে। মহানগর হাকিম এমদাদুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত ঘটনার বিষয়ে তদন্ত করে ১৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শককে আদেশ দেন।মামলার আরজিতে বলা হয়, মিরপুরের মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর জায়গা দেখাশোনার জন্য বাদী মঞ্জুুরুল ইসলামকে আমমোক্তার হিসেবে নিয়োগ দেন। বিষয়টি জানার পর আসামিরা ওই জায়গা দখলের ভয়ভীতি দেখিয়ে বাদীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। নিরাপত্তার কথা চিন্তা করে বাদী তাঁদের কথামতো আড়াই লাখ টাকা দেন। ২৫ এপ্রিল বাদীর বাসায় ঢুকে আসামিরা আবার টাকা দাবি করেন। তাঁরা বাদীর ঘরের আসবাব ভাঙচুর এবং বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন।