মিরপুরের বাগানবাড়ি বস্তি উচ্ছেদ
রাজধানীর মিরপুরে বাগানবাড়ি বস্তিতে পরিচালিত এক উচ্ছেদ অভিযানে ঘরছাড়া হয়েছে কয়েক শ মানুষ। গতকাল সোমবার সকাল থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
বস্তির বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তবে গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, অভিযান পরিচালনার আগে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা আমলে নেননি সেখানকার বাসিন্দারা।
মিরপুর ১৪ নম্বরের মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশে সিএনজি স্টেশনের পাশ দিয়ে একটু এগোলেই বেগুনবাড়ি বস্তি। বস্তির কোনো কোনো বাসিন্দা প্রায় এক দশক ধরে সেখানে বসবাস করছেন।
গৃহায়ণ কর্তৃপক্ষের ভাষ্য, মূলত বস্তিটি গড়ে উঠেছিল মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে বরাদ্দকৃত ২৭ কাঠা জায়গার ওপর। বস্তিতে শতাধিক পরিবারের বাস থাকলেও সেটি নিয়ন্ত্রণ করত পাঁচ-ছয়জনের প্রভাবশালী একটি দল। তারাই ঘর বানিয়ে অন্যদের ভাড়া দিত। গতকাল অভিযান পরিচালনার সময় দেখা যায় গৃহায়ণ কর্তৃপক্ষের লোকজন দা-শাবল ও কোদাল দিয়ে বাঁশ এবং টিনের অস্থায়ী ঘরগুলো ভেঙে দিচ্ছেন। আর ঘরগুলোতে বসবাসরত মানুষেরা গৃহস্থালির আসবাব রাস্তার সামনে ফুটপাতে এনে রাখছেন। এ সময় অনেককে কাঁদতে দেখা যায়।
এ বিষয়ে কথা হয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সাঈদ রেজার সঙ্গে। সময় না দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘জায়গাটি উদ্ধারের জন্য অনেক দিন থেকেই চেষ্টা চলছিল। এর জন্য আমরা স্থানীয় সাংসদ, কমিশনারসহ বস্তির লোকজনের সঙ্গে বসেছি। গত দুই মাসে তাঁদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। উচ্ছেদের আগে টানা মাইকিং করা হয়েছে।’