মিরপুরের ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হত্যা মামলার আসামির পক্ষ নিয়ে মিরপুরের এক ব্যবসায়ীকে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই ব্যবসায়ী মিরপুরের উপকমিশনারের কাছে আবেদন করেছেন। হয়রানির শিকার ওই ব্যবসায়ীর নাম আফরোজ উদ্দিন। তিনি মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির নিহত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের ভাই। এই হত্যা মামলার বাদীও আফরোজ উদ্দিন।

আফরোজ উদ্দিনের স্ত্রী কামরুননাহার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত ১০টার পর একদল পুলিশ তাঁদের মিরপুর ২ নম্বরের ই ব্লকের বাসার কলবেল বাজায়। তিনি দরজা খুলতে গেলে পুলিশ সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। এ সময় সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে কোটালীপাড়া থানার পুলিশ পরিচয় দিয়ে এই বাসায় আসাদ নামে কেউ আছেন কি না তা জানতে চান। পুলিশকে বলা হয় এ নামে কেউ নেই। এটা ব্যবসায়ী আফরোজ উদ্দিনের বাসা। এরপর পুলিশ সদস্যরা জানান তাঁকেই ধরতে এসেছেন। তাঁরা প্রতিটি কক্ষে তল্লাশি করে মালামাল লন্ডভন্ড করেন। বাড়ির ছাদেও ওঠেন। পরিবারের সদস্যদের এ সময় ভয়ভীতিও দেখানো হয়। তবে ঘটনার সময় আফরোজ উদ্দিন বাসায় ছিলেন না।

কামরুননাহার বলেন, পুলিশ চলে যাওয়ার পর খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার একটি মামলায় তাঁর স্বামীর নাম ব্যবহার করা হয়েছে। তবে ওই মামলায় তাঁর স্বামীর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা সঠিক নয়। সেই মামলার কারণেই পুলিশ এসেছে। তাঁরা আরও জানতে পারেন এই মামলার বাদী মুনশি এবায়দুল ইসলাম নামের এক ব্যক্তি। এই ব্যক্তি আফতাব উদ্দিন হত্যা মামলার আসামি। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে মামলাটি করেন। তবে এবায়দুল যাকে আসামি করেছেন তাঁর বাড়ি কোটালীপাড়ার হিরণ গ্রামে উল্লেখ করেন।

কামরুননাহার বলেন, কারাগার থেকে বেরিয়ে তাঁর স্বামীকে মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন এবায়দুল। এবার জেল থেকে বেরিয়ে তিনি কোটালীপাড়ায় গ্রামের বাড়িতে চলে যান। কামরুননাহারের অভিযোগ, এবায়দুলের পক্ষ নিয়ে পুলিশ তাঁর স্বামীকে ডাকাতির মিথ্যা মামলায় ফাঁসাতে হয়রানি করছে।

ঢাকা থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে এবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুরের আফরোজ উদ্দিনকে মামলায় আসামি করা হয়নি। পুলিশ হয়তো ঘটনার সঙ্গে আফরোজের যোগসূত্র পেয়ে থাকতে পারে।

জানতে চাইলে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, এজাহারে নাম ভুল হওয়াতে আদালতে আবেদন করে আফরোজ উদ্দিনের নাম-ঠিকানা এজাহারভুক্ত করতে আদালতের অনুমতি নিয়েছেন বাদী। তবে তাঁর পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে না বলে তিনি জানান।

২০০৫ সালের ডিসেম্বরে মিরপুর ১ নম্বরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী আফতাব উদ্দিন নিহত হন। ২০১০ সালের ৩ অক্টোবর মিরপুরের ব্যবসায়ী নেতা আলোচিত আফতাব উদ্দিন হত্যা মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করে প্রথমে বাতিল করা হয়। প্রথম আলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার এক দিন পরই মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।