মির্জা ফখরুল ও খোকার বিরুদ্ধে থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুজন আইনজীবী। ১২ মার্চ বিএনপির কর্মসূচিতে এই দুই নেতা জনগণের জানমালের ক্ষতি করতে পারেন, এই আশঙ্কা করে গতকাল সোমবার সন্ধ্যায় জিডি দুটি করা হয়। দুটি জিডিরই ভাষ্য প্রায় এক।রমনা থানায় জিডিটি করেন আনোয়ার সাহাদাত শাওন ও পল্টন থানায় করেন শেখ আলী আহমদ। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক আইনজীবী বলে জানা গেছে।জিডিতে বলা হয়, বিএনপির এই দুই নেতা ২ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী-সাংসদদের বাসার বাইরে যেতে নিষেধ করেছেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন সভা-সমাবেশে আওয়ামী লীগ নেতাদের হুমকি-ধমকি দিয়ে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিএনপির এই দুই নেতা ১২ মার্চ বা এর আগে মন্ত্রী-সাংসদ ও আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের জনগণের জানমালের ক্ষতি করতে পারেন বলে জিডিতেই আশঙ্কা করা হয়। এ কারণে জিডির বাদীরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও উল্লেখ করা হয়। তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেন।