মিলন বেপারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র পাইরেসি করার অভিযোগে গত সোমবার রাতে রাজধানীর মীরহাজিরবাগ এলাকা থেকে র‌্যাব মিলন বেপারী ওরফে পোস্টার মিলন (২৪) ও তাঁর সহযোগী মিলন কুমারকে (২৮) গ্রেপ্তার করেছে। মিলন বেপারীর কাছ থেকে বিপুল পরিমাণ ছবির সিডি, খালি সিডি, নেগেটিভ উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানায়, সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) একটি দল যাত্রাবাড়ী এলাকার মীরহাজিরবাগ রাস্তা থেকে মিলন বেপারী ও তাঁর সহযোগী মিলন কুমারকে গ্রেপ্তার করে। মিলন বেপারীর শরীরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব মীরহাজিরবাগের আকবর আলীর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় র‌্যাব বিপুল পরিমাণ ছবির সিডি, খালি সিডি, ছয়টি নেগেটিভ, দুটি রেকর্ডার সিপিও, ১৫টি ছোট ভিডিও ক্যাসেট এবং দুই বস্তা বিভিন্ন ছবির লেভেল উদ্ধার করে। র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার এনামুল কবির প্রথম আলোকে জানান, মিলন বেপারী বিভিন্ন প্রযোজকদের ভয়-ভীতি দেখিয়ে ছবির পাইরেটেড সিডি বাজারে ছাড়ার কথা বলে চাঁদাবাজি করে।