মিলনকে পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন পর সূত্রাপুরের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিলন হোসেনকে (১২) পাওয়া গেছে। গত বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর নামাপাড়া এলাকার একটি কারখানার সামনে তাকে দেখতে পায় তার এক আত্মীয়। পরে তিনি তাকে বাসায় নিয়ে আসেন। মিলনের দাবি, শিক্ষকের মার খেয়ে সে পালিয়ে ওই কারখানায় চাকরি নিয়েছিল।গত বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশে দক্ষিণ কেরানীগঞ্জের চৌধুরীপাড়া থেকে বের হয় মিলন। এরপর সে আর বাসায় ফিরে যায়নি। আশপাশ ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। ঘটনার পর মিলনের বাবা ফজলু মোল্লা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পরই মিলন নিখোঁজ হয়। তবে শুরু থেকেই স্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমান এ দাবি অস্বীকার করে আসছিলেন।মিলন জানায়, গত বৃহস্পতিবার সে স্কুলে গিয়েছিল। কিন্তু স্কুলের শিক্ষক মো. আশরাফ তাকে ক্লাসে ঢুকতে দেননি। ওই শিক্ষক তাকে মারধর করে দারোয়ান দিয়ে বের করে দেন। মিলন জানায়, এক ছাত্রের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। ওই ছাত্র আশরাফের কাছে কোচিং ক্লাস করত। আশরাফ তাকে (মিলন) কোচিং করতে বললে সে অস্বীকৃতি জানায়। পরে আশরাফ ওই ঝগড়ার জের ধরে তাকে বিভিন্ন সময় মারধর করতেন। মিলন বলে, ‘আশরাফ স্যার লেখাপড়া বন্ধ করে দিছে। বাসায় গেলে তো মা-বাবা মারব। সেই জন্য ভয়ে পালাইয়া গেছি।’আশরাফের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে একজন বলেন, ‘আমি স্কুলের মাস্টার আমিনুল। হেড স্যার এখন নাই। পরে করেন।’ পরে আবার যোগাযোগ করা হলে এবার একজন বলেন, ‘আমি শিক্ষাভবন থেকে বলছি। প্রধান শিক্ষক পাশে কাজে ব্যস্ত আছেন।’মিলনের বাবা ফজলু মোল্লা বলেন, ‘শিক্ষক আশরাফের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।’