মিশনের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ কূটনীতিকদের
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকেরা তাঁদের মিশনের আশপাশে নিরাপত্তার পাশাপাশি সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।
গতকাল রোববার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করে কূটনীতিকেরা এই অনুরোধ জানান।
বৈঠকের পর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘আমরা যাঁরা এখানে বিভিন্ন মিশনে কাজ করি, তাঁরা আপনাদের অতিথি। সুপ্রতিবেশী হিসেবে আমরা এখানে সবকিছু করার নিশ্চয়তা চাই। সুপ্রতিবেশী হিসেবে আমরা চাই, আমাদের অবকাঠামোগুলো এমন নিরাপদ থাকুক যে, কেউ সেগুলোতে যেন হামলা করতে না পারে।’
মার্কিন রাষ্ট্রদূত জানান, লোকজন ভিসা এবং অন্যান্য কাজে দূতাবাসগুলোতে যান। তাই নিরাপত্তার ক্ষেত্রে ভারসাম্য রেখে সবার সুরক্ষা নিশ্চিত করতে চায় দূতাবাসগুলো।
জানা গেছে, মিশনপ্রধানেরা আলোচনার সময় দূতাবাসের অবকাঠামোর দেয়ালের পাশের নিরাপত্তা পিলার সরিয়ে ফেলায় উদ্বেগ প্রকাশ করেন।