মীনা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের শিশু মীনা কার্টুনের সিডির প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার মীনা দিবস পালিত হয়েছে। মীনা শিশুদের শাস্তি না দেওয়ার বার্তাটি নিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা চালিয়েছে।এবার মীনা দিবসের মূল প্রতিপাদ্য ‘আদর স্নেহের হবে জয়, শাস্তিতে যা কভু নয়।’ মীনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে ১৯৯৮ সালে সার্কের পক্ষ থেকে মীনা দিবস ঘোষণা করা হয়। ১৯৯১ সালে ইউনিসেফের উদ্যোগে কার্টুন চরিত্র হিসেবে হাসিখুশি ও প্রাণবন্ত মীনা সবার কাছে পরিচিতি পেয়েছে।গতকাল দিবসটি উপলক্ষে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, বাংলাদেশ তথা সমগ্র দক্ষিণ এশিয়ায় জেন্ডার-বৈষম্য দূর করা, সমানাধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার গুরুত্ব ইত্যাদি বিষয়ে সমাজের মনমানসিকতা পরিবর্তনে মীনা সহায়ক ভূমিকা পালন করছে।কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত অনুষ্ঠানে মীনা তার শক্তিশালী ‘ইমেজ’ দিয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, পরিচালক (প্রশাসন) মো. আবদুর রউফ, ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান নরেন্দ্র দাহাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ কামাল আলোচনায় অংশ নেন।দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর ও অপরাজেয় বাংলাদেশ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করে। ইউনিসেফের সহায়তায় পরিচালিত প্রোটেকশন অব চিলড্রেন অ্যাট রিস্ক (পিকার) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. ওমর ফারুক বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন।