মীর কাসেমের ফাঁসির রায় বহালে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গতকাল মঙ্গলবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আনন্দ মিছিলের পর সাংবাদিকদের ইমরান এইচ সরকার এ কথা বলেন। মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় এই আনন্দ মিছিল হয়। এর আগে রায় বহাল থাকার দাবিতে সকাল আটটা থেকে শাহবাগে অবস্থান নেন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
ইমরান সাংবাদিকদের বলেন, ‘মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার আবেদনটি খারিজ হতে সর্বোচ্চ সময় লেগেছে। তাই এ নিয়ে কিছু শঙ্কা ছিল। আজকের সিদ্ধান্তের মাধ্যমে সেই শঙ্কা দূর হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, অর্থবিত্ত ও ক্ষমতা পরাজিত হয়েছে।’
ট্রাইব্যুনাল সরিয়ে নিতে দেওয়া চিঠি প্রসঙ্গে ইমরান বলেন, হাইকোর্টে থেকে ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, সেটি গভীরভাবে দেখতে হবে। কোনোভাবে যাতে ট্রাইব্যুনালকে নিয়ে কোনো ষড়যন্ত্র না হতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।