মুক্তচিন্তার প্রকাশকে বাধাগ্রস্ত করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মান্ধ মৌলবাদী হেফাজতে ইসলামের দাবির মুখে ব্লগারদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এর মাধ্যমে মুক্তচিন্তার প্রকাশকে বাধাগ্রস্ত করছে তারা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ গ্রেপ্তারকৃত ব্লগারদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, ‘যারা ব্লগ সম্পর্কে জানে না, তারা ব্লগ নিয়ে কথা বলার অধিকার রাখে না। গ্রেপ্তারকৃতদের ব্লগার বলতে চাই না, তাদের লেখক বলতে চাই। প্রধানমন্ত্রী অবিলম্বে এদের মুক্তি দিন।’গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন বলেন, ব্যক্তিগত ব্লগ নিয়ে যারা বড় মাধ্যমে প্রচার করে সাম্প্রদায়িকতাকে উসকে দিল, তাদের গ্রেপ্তার করা হলো না। গ্রেপ্তার করা হলো মুক্তচিন্তার মানুষকে। তিনি বলেন, যারা হাজার হাজার মন্দির ভাঙছে, সহিংসতা চালাচ্ছে, বোমা মেরে মানুষ হত্যা করছে, তারা কি অন্য মানুষের ধর্মানুভূতিতে আঘাত করছে না? রাষ্ট্র আসলে কার ধর্মানুভূতি রক্ষা করতে চায়? নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, ‘সুব্রত শুভসহ ব্লগারদের চোরের মতো গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছে। একজন শিক্ষক হিসেবে তা দেখে লজ্জায়-অপমানে মাথা নিচু হয়ে এসেছিল। কারণ, শিক্ষক হয়েও ছাত্রকে রক্ষা করতে পারিনি। তবে এটা দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু অপমানিত হয়েছে, তা প্রশ্নসাপেক্ষ।’অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, হেফাজতের মতো ধর্মান্ধদের দাবি মানা হলে জনগণ বসে থাকবে না।বাংলা বিভাগের শিক্ষার্থী জয়নাব শান্তু বলেন, শুভ একটি চেতনার নাম, তারুণ্যের প্রতীক। মুক্ত সংস্কৃতিকে কখনো জোর করে চাপিয়ে রাখা যায়নি। কোনো দিন চাপিয়ে রাখা যাবে না। বাংলা বিভাগের শিক্ষার্থী পিন্টু রঞ্জন অর্কের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মাসুদুজ্জামান, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি সামিয়া রহমান, ব্লগার ক্যামেলিয়া প্রমুখ।