ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন
মুক্তবুদ্ধির সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষামন্ত্রীর আহ্বান
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম জাতিকে আশাবাদী করেছে। যেকোনো মূল্যে এ ধারা অব্যাহত রাখতে হবে।শিক্ষামন্ত্রী গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মুক্তবুদ্ধির সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।সমাবর্তন বক্তা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করার পরামর্শ দেন। ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের আয় বাড়ানোর চেয়ে এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা। সভাপতির বক্তৃতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রেজোয়ান খান বলেন, এ বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমের সততা ও মান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।গতকালের অনুষ্ঠানে ৬৬৯ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণপদক পান পাঁচ শিক্ষার্থী। নুরুল ইসলাম নাহিদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সমাবর্তন শেষে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ।