মুক্তামণির চিকিৎসা নিয়ে বোর্ড বসছে আজ
রক্তনালির বিরল রোগে আক্রান্ত মুক্তামণির বায়োপসির জন্য অস্ত্রোপচারের মাধ্যমে হাতের টিউমারের অংশবিশেষ গত শনিবার সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার মুক্তামণির জন্য গঠিত বিশেষ বোর্ডের সদস্যরা তার পরবর্তী চিকিৎসা কী হবে, সে সিদ্ধান্ত নেবেন। বায়োপসির ফলাফলের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ত্রোপচারের পর মুক্তামণিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল সোমবার আইসিইউ থেকে মুক্তামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কেবিনে আনা হয়েছে বলে জানিয়েছেন মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, মুক্তামণির ডান হাত অক্ষত রেখেই যাতে অস্ত্রোপচার করা সম্ভব হয়, চিকিৎসকেরা প্রথমে সে চেষ্টা করবেন। তবে তা সম্ভব না হলে হাত কেটে হলেও অস্ত্রোপচার করতে হবে। কেননা, অস্ত্রোপচার না করলে তার মৃত্যুঝুঁকি আছে। মুক্তামণির বাবা-মা এই অস্ত্রোপচারে সম্মতি দিয়েছেন। তাঁদের কাছে মেয়ের হাতের চেয়ে জীবন আগে।
গতকাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘অস্ত্রোপচারের পর মুক্তামণির অবস্থা কিছুটা খারাপ হয়েছিল। তবে সে এখন ভালো আছে। বায়োপসির ফলাফলের ভিত্তিতে তার চিকিৎসার পরবর্তী কার্যক্রম চলবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বিনা মূল্যে তার চিকিৎসা চলছে।