মুক্তিযুদ্ধবিরোধীদের পদোন্নতিতে সতর্ক থাকার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কর্মচারীদের কারও মধ্যে দেশপ্রেমে ঘাটতি বা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা না থাকলে তাঁর পদোন্নতির ব্যাপারে সতর্ক থাকতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।
জাতীয় সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জানতে গতকাল রাতে সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফোন করে পাওয়া যায়নি। বৈঠকে উপস্থিত সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলেন, বৈঠকে প্রসঙ্গটি উত্থাপন করেন মোকতাদির চৌধুরী। তিনি বলেন, সরকারের গণকর্মচারীদের অনেককে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে। তাঁরা যেসব কথাবার্তা লেখেন, তা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী। এসব কর্মকর্তাকে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে হবে।
বৈঠকে মাঠ পর্যায়ে কর্মকর্তা পদায়ন ও বদলির বিষয়ে প্রয়োজনে স্থানীয় সাংসদকে অবহিত করার সুপারিশ করা হয়। এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ফজলে করিম চৌধুরী, মোকতাদির চৌধুরী অংশ নেন।