মুক্তিযুদ্ধভিত্তিক সংরক্ষণাগার উদ্বুদ্ধ করবে নতুন প্রজন্মকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জীবনের শ্রেষ্ঠ ঘটনা। এর ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ জরুরি। মুক্তিযুদ্ধভিত্তিক সংরক্ষণাগার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক ইতিহাস সংরক্ষণে উদ্যোগী হবে। এই উদ্যোগ আগামী প্রজন্মকে দেশ গড়ায় উদ্বুদ্ধ করবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আর্কাইভিং ১৯৭১’ শীর্ষক অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকেরা এ কথা বলেন। দৃক পিকচার লাইব্রেরির উদ্যোগে স্বাধীনতা-যুদ্ধের দলিল, বইপত্র, আলোক-চিত্র, চলচ্চিত্রসহ বিভিন্ন তথ্য নিয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধভিত্তিক সংরক্ষণাগার সম্পর্কে জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযুদ্ধের দলিল, আলোকচিত্রসহ অন্যান্য তথ্য যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন কাজে লাগবে।ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ইতিহাসকে প্রচারণায় পরিণত করা যাবে না। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনা। এই ঘটনাকে ঘিরেই সামনে এগিয়ে যেতে হবে। এ জন্যই মুক্তিযুদ্ধভিত্তিক সংরক্ষণাগার প্রয়োজন। যারা মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পাননি, তাঁরা দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হবেন এই সংরক্ষণাগার থেকে।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের ঘটনাবলি স্মরণ করা জরুরি। এ ধরনের আর্কাইভ হতাশা থেকে মুক্তি দেবে। অনুষ্ঠানে বলা হয়, দৃক পিকচার লাইব্রেরি নব্বই-য়ের দশক থেকে ১৯৭১ ভিত্তিক দলিল, বইপত্র, আলোকচিত্রসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। এই সংগ্রহশালা দেখে আগামী প্রজন্ম জানবে কীভাবে এই জাতি মাথা তুলে দাঁড়াল।দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই মুক্তিযুদ্ধভিত্তিক সংরক্ষণাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আফসান চৌধুরী ও ইউএনএইচসিআরের দেশীয় প্রতিনিধি ক্রেইং স্যানডারস।