মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশীদের সম্মাননা প্রদান ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিক, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে আগামী ২০ অক্টোবর সম্মাননা দেওয়া হবে। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিদেশি অতিথিদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ তুলে দেবেন। এবার ১৮টি দেশের ১৫০ জনকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ১৮ অক্টোবর থেকে অতিথিরা আসা শুরু করবেন। এ উপলক্ষে ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগত অতিথিরা ১৯ অক্টোবর সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের কর্মসূচি শুরু করবেন। ওই দিন বিকেলে তাঁরা শহীদ সোহ্রাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এবং মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যাবেন। ২০ অক্টোবর সম্মাননা নেওয়ার পর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ পরিদর্শন করবেন অতিথিরা। ২১ অক্টোবর তাঁদের জন্য নৌবিহারের ব্যবস্থা করা হয়েছে। ২২ অক্টোবর আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। তথ্য বিবরণী।