ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীদের রাষ্ট্রীয় সম্মান, ভাতা, আমরণ চিকিৎসার সুযোগ ও মুক্তিযোদ্ধাদের মতো সব সুবিধার দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি এই দাবি করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আয়োজক কমিটির সদস্য এম এ হাসান। তিনি বলেন, যে নারী একাধারে যোদ্ধা ও দেশমাতা হিসেবে দেশের জন্য বীরত্ব দেখিয়েছেন, সেই নারী আজ ঝরা-মরা পাতার মতো জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার নারী, যোদ্ধা ও শহীদদের নিয়ে কর্মরত নারী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি মোর্চা গঠনের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া নির্যাতনের শিকার নারীদের নিয়ে কেউ যেন ব্যবসা বা প্রহসনমূলক কাজ করতে না পারে সে বিষয়ে নীতিমালা তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যুদ্ধের সময় জন্ম নেওয়া যুদ্ধশিশুদের নিবন্ধন, ক্ষতিপূরণসহ মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ যাতে পাকিস্তান দেয়, সে সুপারিশও করা হয়।সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান, শাহ জামান মজুমদার, নারীনেত্রী মাহফুজা খানম, শাহীনা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।