জামায়াতে ইসলামীর একাত্তরে খুন, হত্যা, গুম, ধর্ষণ, লুটতরাজের ঘৃণ্য রাজনৈতিক উত্তরাধিকার ছিন্ন করে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার জন্য বর্তমান প্রজন্মের ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্টার্ন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে তিনি প্রধান অতিথি ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্ম কেন সেই নষ্ট রাজাকার, আলবদর, আলশামসের দায় বহন করে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হবে? এ বিপথগামিতা থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য নূরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বখতিয়ার আলম। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এক হাজার ৫৭৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।